Cart
No products in the cart.

ছয় মাস পূর্ণ হলো মাত্র। আপনার বাবুটি কি এখন শক্ত খাবার খাওয়ার জন্য প্রস্তুত? মায়ের বুকের দুধের পাশাপাশি এখন থেকেই শুরু হবে তার আসল পুষ্টির যাত্রা। কিন্তু প্রথমবার বাচ্চাকে কী খাওয়াবেন? কতটুকু খাওয়াবেন? নতুন মা বাবাদের মনে এমন হাজারটা প্রশ্ন ঘোরাঘুরি করা খুব স্বাভাবিক।
গুগলে সার্চ করলেই হরেক রকমের পরামর্শ পাওয়া যায়। তবে ভুল তথ্য বা ওলটপালট নিয়মে বাচ্চার পেটের বারোটা বাজতে পারে। তাই চিকিৎসকদের গাইডলাইন এবং আমাদের অভিজ্ঞতার আলোকে তৈরি করা একটি আদর্শ ৬ মাসের বাচ্চার খাবার তালিকা নিয়ে সাজানো হয়েছে আজকের এই পোস্ট। আশা করি, নতুন মায়েদের সব দ্বিধা কেটে যাবে আজই। পড়তে থাকুন!
Table of Contents
| খাবারের সময় | খাবারের নাম | পরিমাণ |
| সকাল (৯:০০ – ১০:০০ টা) | মায়ের দুধ / ফর্মুলা + চালের পাতলা সুজি বা জাউ | ১ থেকে ২ চা চামচ |
| দুপুর (১:০০ – ২:০০ টা) | মিষ্টি কুমড়া / আলু / গাজরের মসৃণ পিউরি | ২ থেকে ৩ চা চামচ |
| বিকাল (৫:০০ – ৬:০০ টা) | সুপক্ব নরম পাকা কলা বা পাকা পেঁপে চটকানো | ১ থেকে ২ চা চামচ |
বাচ্চার বয়স ৬ মাস পূর্ণ হলেই যে প্রথম দিনেই জোর করে বাটি ভরা খাবার মুখে গুঁজে দিতে হবে, তা কিন্তু নয়। প্রতিটা বাচ্চার শরীরের গ্রোথ আলাদা হয়। আপনার বাচ্চা শক্ত খাবার হজম করার জন্য ভেতর থেকে তৈরি কি না, তা বোঝার জন্য এই ৫টি লক্ষণের দিকে খেয়াল রাখুন:
ঘাড় সোজা রাখা: বাচ্চা যখন নিজের ঘাড় নিজে শক্ত ও সোজা রাখতে পারবে, তখন বুঝবেন সে তৈরি। ঘাড় হেলে পড়লে বাচ্চাকে কোনোভাবেই শক্ত খাবার খাওয়ানো যাবে না।
সোজা হয়ে বসতে পারা: কোনো শক্ত কিছুর সাপোর্ট নিয়ে বা বেবি হাই চেয়ারে বাচ্চা পিঠ সোজা করে বসতে পারছে কি না খেয়াল করুন। সোজা হয়ে না বসলে খাবার গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে।
খাবারের প্রতি তীব্র লোভ: আপনারা যখন একসাথে টেবিলে খেতে বসেন, বাচ্চা কি আপনার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে? খাবার কেড়ে নেওয়ার জন্য হাত বাড়ায়? তবে বুঝবেন সেও খেতে চায়।
জিহ্বার রিফ্লেক্স কমে যাওয়া: ছোট বাচ্চাদের মুখে কিছু দিলে তারা জিহ্বা দিয়ে বাইরে ঠেলে ফেলে দেয়। একে টাং থ্রাস্ট রিফ্লেক্স বলে। ৬ মাস হলে এই অভ্যাস কমে আসে এবং তারা খাবার গিলতে চেষ্টা করে।
ওজন দ্বিগুণ হওয়া: বাচ্চার বর্তমান ওজন যদি তার জন্মের সময়ের ওজনের তুলনায় অন্তত দ্বিগুণ বা তার কাছাকাছি হয়, তবে তার শরীর এখন নতুন খাবার হজমের জন্য একদম রেডি।
জরুরি সতর্কতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পরিষ্কারভাবে বলে, ৬ মাস পূর্ণ হওয়ার আগে বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার বা পানিও দেওয়া যাবে না। কারণ এই সময়ের আগে বাচ্চার পাকস্থলী ও লিভার শক্ত খাবার হজম করার মতো শক্তিশালী হয় না। তাই ৬ মাস শেষ হলেই কেবল এই লক্ষণগুলো মিলিয়ে খাবার শুরু করুন।
বাচ্চার জন্য যেকোনো নতুন খাবার শুরু করার একটি জাদুকরী নিয়ম হলো এই ৩ দিনের গোল্ডেন রুল। নিয়মটি সহজ, বাচ্চাকে যখনই নতুন কোনো খাবার দেবেন, সেটি একটানা ৩ দিন সকালের দিকে অল্প করে খাইয়ে পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে অন্য কোনো নতুন খাবার তালিকায় যোগ করবেন না। এতে বাচ্চার ওই খাবারে কোনো অ্যালার্জি, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য বা বমি হচ্ছে কি না তা খুব সহজেই ১০০% নিশ্চিত হওয়া যায়।
আমার মেয়ের প্রথম ৩ দিনের গল্প: আমার নিজের মেয়ের কথাই বলি। ৬ মাস পূর্ণ হওয়ার পর ওর দাদী ওর প্রথম খাবারটি তৈরি করেছিলেন। খুব সাধারণ নিয়ম। অল্প একটু চাল, সাথে বেশি করে পানি। ভালোমতো সেদ্ধ করে চামচ দিয়ে ম্যাশ করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলেন। প্রথম দিন একদম পাতলা সেই খাবারটি ছোট চামচ দিয়ে মাত্র ২-৩ চামচ খাওয়ানো হয়েছিল। শুধু একবার।
দ্বিতীয় দিনও ঠিক একইভাবে খাওয়ানো হলো। বাচ্চার পটি নরমাল ছিল, পেটও ফাপেনি। তৃতীয় দিনে গিয়ে দাদী ওই চালের সাথে সামান্য একটু ডাল মিশিয়ে দিলেন। ব্যস, এভাবেই প্রথম ৩ দিন কেটে গেল এবং আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি।
আপনিও ঠিক এই কাজটিই করবেন। প্রথম দিন ১-২ চামচ, পরের দিন একটু বাড়িয়ে ৩-৪ চামচ। যদি ৩ দিনের মধ্যে বাচ্চার শরীরে কোনো র্যাশ ওঠে বা পেট খারাপ হয়, তবে বুঝবেন ওই খাবারে বাবুর সমস্যা আছে। তখন সেটি সাময়িক বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন।
৬ মাসের বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর সেরা ৫টি প্রথম খাবারের তালিকা নিচে দেওয়া হলো:
বাচ্চার প্রথম খাবার হিসেবে আমাদের দেশে চালের সুজির জুড়ি নেই। তবে ভুলেও বাজার থেকে কেনা কেমিক্যাল ও প্রিজারভেটিভ যুক্ত সেরিল্যাক বা সুজি আনবেন না। চাল ভালো করে ধুয়ে, শুকিয়ে ঘরেই গুঁড়ো করে নিন।
সামান্য পানিতে এই চালের গুঁড়ো ফুটিয়ে পাতলা সুজি বা জাউ বানিয়ে দিন। এটি যেমন ১০০% খাঁটি, তেমনি বাচ্চার শক্তির জোগান দিতে সেরা।
কলা হলো সবচেয়ে সহজলভ্য এবং পুষ্টিকর ফল। এটি রান্নারও কোনো ঝামেলা নেই। একটা ভালো করে পাকা সাগর কলা বা সবরি কলা নিন। চামচ দিয়ে চটকে একদম ক্রিমের মতো নরম পিউরি বানিয়ে নিন। কলার মিষ্টি স্বাদের কারণে বাচ্চারা এটি খুব আনন্দের সাথে মুখে নেয়।
আপেল বাচ্চার শরীরের জন্য দারুণ উপকারী। একটি আপেলের খোসা ও ভেতরের বীজ ফেলে ছোট টুকরো করে নিন। সামান্য পানিতে টুকরোগুলো ভালো করে সেদ্ধ করুন। আপেল নরম হয়ে গেলে চামচ বা ফুড ম্যাশার দিয়ে চটকে নিন।
ভুলেও ব্লেন্ডার ব্যবহার করবেন না। ব্লেন্ড করলে খাবার অতিরিক্ত মিহি হয়ে যায়, যা বাচ্চার চিবানোর অভ্যাস তৈরিতে বাধা দেয়। প্রয়োজনে স্টিলের ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে পারেন।
বাচ্চার ওজন ঠিকঠাক বাড়াতে মিষ্টি আলু অনেক সাহায্য করে। এটি সেদ্ধ করার পর এমনিতেই খুব মিষ্টি আর নরম হয়। ভালো করে সেদ্ধ করে চটকে নিয়ে এর সাথে সামান্য বুকের দুধ মিশিয়ে বাচ্চার মুখে দিতে পারেন। মিষ্টি আলুতে প্রচুর ফাইবার থাকে, যা বাচ্চার নতুন খাবার শুরু করার পর কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।
পাকা পেঁপে বাচ্চার হজমশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করে। নরম ও একদম পাকা পেঁপে নিয়ে ভেতরের কালো বীজ এবং আঁশ ভালো করে ফেলে দিন। এরপর হাত দিয়ে চটকে নরম পেস্ট বানিয়ে বাবুকে খাওয়ান। এটি বাচ্চার পেট ঠান্ডা রাখে এবং সহজেই হজম হয়ে যায়।
বাচ্চা যখন ওপরের একক উপাদানগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে, তখন তার পুষ্টির জন্য খিচুড়ি শুরু করতে পারেন। প্রথম প্রথম খিচুড়ি যেন খুব বেশি ঘন বা শক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন।
১. প্রথমে চাল, ডাল ও সবজিগুলো পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে নিন।
২. একটি ছোট পাত্রে ধুয়ে রাখা চাল, ডাল, সবজি এবং পরিমাণমতো পানি একসাথে দিন।
৩. এবার পাত্রটি চুলায় দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করুন।
৪. চাল ডাল একদম গলে এলে নামানোর আগে ৩-৪ ফোঁটা খাঁটি ঘি ছড়িয়ে দিন। ঘি বাচ্চার মস্তিস্কের গঠনে এবং ওজন বাড়াতে দারুণ সাহায্য করে।
৫. চুলা থেকে নামিয়ে খাবারটি কিছুটা ঠান্ডা করুন। এরপর হাত ভালো করে ধুয়ে অথবা একটি পরিষ্কার ফুড ম্যাশার দিয়ে খিচুড়িটি ভালো করে চটকে একদম নরম ও মসৃণ করে নিন।
১ বছর বয়স হওয়ার আগে বাচ্চার খাবারে ভুলেও এক চিমটি লবণ বা চিনি দেবেন না। জন্মের পর বাবুর কিডনি ও লিভার পুরোপুরি পরিপক্ব হয় না। এই অবস্থায় অতিরিক্ত লবণ বাচ্চার নরম কিডনির ওপর চাপ সৃষ্টি করে, যা পরবর্তীতে বড় ধরণের কিডনি ড্যামেজের কারণ হতে পারে।
আর চিনি দিলে বাচ্চার দাঁত নষ্ট হয় এবং কৃত্রিম মিষ্টির প্রতি লোভ তৈরি হয়, যার ফলে সে পরবর্তীতে পুষ্টিকর খাবার এড়িয়ে চলে। বাচ্চার শরীরের জন্য যতটুকু সোডিয়াম ও Glucose দরকার, তা সে মায়ের দুধ এবং প্রাকৃতিক ফল সবজি থেকেই পর্যাপ্ত পরিমাণে পেয়ে যায়।
আমাদের ঘরের একটি ঘটনা বলি: এই লবণ চিনির নিয়মটা শুনতে যতটা সহজ, আমাদের বাঙালী পরিবারে অ্যাপ্লাই করা কিন্তু ততটাই কঠিন! আমার নিজের বাচ্চার কথাই বলি।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওর এক বছর বয়স পর্যন্ত আমরা খাবারে কোনো লবণ বা চিনি দিইনি। কিন্তু আমার মা (বাবুর দাদী) মাঝেমধ্যেই মন খারাপ করতেন। বলতেন “আহা, খাবারে একটু স্বাদ না দিলে বাবু খাবে কীভাবে? ওকে একটু স্বাদ চেনানো দরকার।”
আমার ওয়াইফ অবশ্য ডাক্তারের গাইডলাইনে একদম শক্ত ছিল। মা যখন বেশি চাপাচাপি করতেন, ও খুব সুন্দর করে বুঝিয়ে বলতো “আম্মা, এক বছরের আগে বাচ্চাদের জিভের স্বাদের কুঁড়ি বা Taste Buds আমাদের মতো এতো একটিভ হয় না।
আমরা লবণ ছাড়া যে খাবারকে পানসে ভাবছি, বাচ্চার কাছে কিন্তু সেটাই আসল স্বাদ!” তাই নতুন মা বাবাদের বলবো, পরিবারের বড়দের ভালোবাসাকে সম্মান জানান, কিন্তু বাবুর সুরক্ষায় প্রথম ১ বছর লবণ চিনি থেকে ১০০ হাত দূরে থাকুন।
৬ মাসের বাচ্চার খাবারের এই চার্টটি মায়েদের সুবিধার্থে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বাচ্চা পুরো পুষ্টিও পায় আবার মায়ের ওপরও বাড়তি ধকল না যায়।
| বারের নাম | সকালের নাস্তা (৯:০০ – ১০:০০ টা) | দুপুরের খাবার (১:০০ – ২:০০ টা) | বিকালের হালকা খাবার (৫:০০ টা) |
| শনিবার | বুকের দুধ / ফর্মুলা | ঘরের তৈরি চালের পাতলা সুজি (১-২ চামচ) | বুকের দুধ / ফর্মুলা |
| রবিবার | বুকের দুধ / ফর্মুলা | চালের পাতলা সুজি (২-৩ চামচ) | বুকের দুধ / ফর্মুলা |
| সোমবার | বুকের দুধ / ফর্মুলা | নরম পাকা কলার পিউরি (১-২ চামচ) | বুকের দুধ / ফর্মুলা |
| মঙ্গলবার | বুকের দুধ / ফর্মুলা | নরম পাকা কলার পিউরি (২-৩ চামচ) | বুকের দুধ / ফর্মুলা |
| বুধবার | বুকের দুধ / ফর্মুলা | আলু ও পেঁপের পাতলা সবজি খিচুড়ি | বুকের দুধ / ফর্মুলা |
| বৃহস্পতিবার | বুকের দুধ / ফর্মুলা | আলু ও পেঁপের পাতলা সবজি খিচুড়ি | সেদ্ধ আপেলের পিউরি (১ চামচ) |
| শুক্রবার | বুকের দুধ / ফর্মুলা | মিষ্টি আলুর নরম ম্যাশ (২ চামচ) | বুকের দুধ / ফর্মুলা |
সব সময় মনে রাখবেন: এই বয়সে বাচ্চার প্রধান এবং মূল খাবার কিন্তু মায়ের বুকের দুধ বা ফর্মুলা দুধই। শক্ত খাবার এই সময়ে বাচ্চার পেটের ক্ষিধে মেটানোর জন্য নয়, বরং তাকে নতুন স্বাদের সাথে পরিচয় করানোর জন্য দেওয়া হয়। শক্ত খাবার থেকে বাচ্চা মাত্র ২০-৩০% পুষ্টি পায়, বাকি ৭০-৮০% পুষ্টির ব্যাকআপ কিন্তু বুকের দুধ থেকেই আসে। তাই বাটি ভরে খিচুড়ি খেল না বলে মন খারাপ করার কিচ্ছু নেই।
বাচ্চার খাবার দাবার রান্নার পাশাপাশি সে কোন বাসনে খাচ্ছে, সেটি খেয়াল রাখা সমান জরুরি। অনেক মা বাবাই অজান্তে বাজার থেকে সস্তা প্লাস্টিকের বাটি বা চামচ কিনে আনেন। এই সাধারণ প্লাস্টিকের তৈরি জিনিসগুলোতে বিপিএ (BPA) নামক এক ধরণের ক্ষতিকর রাসায়নিক থাকে।
যখনই এতে গরম খিচুড়ি বা সুজি ঢালা হয়, তখন সেই বিষাক্ত কেমিক্যাল খাবারের সাথে মিশে বাচ্চার শরীরে ঢোকে। এটি বাচ্চার হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে লিভারের ক্ষতি করতে পারে। তাই আপনার সোনামণির সুরক্ষায় প্লাস্টিক বাদ দিয়ে শতভাগ ফুড গ্রেড সিলিকন এবং বিপিএ ফ্রি জিনিস ব্যবহার করা উচিত।
এখানে এমন ৫টি লাইফ সেভিং ফিডিং প্রোডাক্টের তালিকা দেওয়া হলো, যা আপনার প্রতিদিনের কষ্ট অর্ধেক কমিয়ে দেবে:
বাচ্চা খেতে বসে বাটি ধরে টান দেবেই। এই Silicone Suction Bowl গুলোর নিচে বিশেষ ভ্যাকুয়াম থাকে, যা টেবিল বা মেঝের সাথে শক্ত করে আটকে থাকে। ফলে বাচ্চা যতই হাত পা নাড়ুক, বাটি ওল্টাতে পারে না এবং খাবার নষ্ট হয় না।
স্টিল বা শক্ত প্লাস্টিকের চামচ দিয়ে খাওয়ালে বাচ্চার নরম মাড়িতে চোট লাগতে পারে। ফুড গ্রেড Silicone Spoon গুলো হয় নরম আর নমনীয়। এগুলো বাচ্চার মুখে বা মাড়িতে একটুও আঘাত করে না, বরং আরাম দেয়।
৬ মাস থেকে বাচ্চাকে অল্প অল্প করে পানি খাওয়া শেখাতে হয়। Leak proof এই Water Feeding Bottle/Sipper গুলো দিয়ে বাচ্চারা নিজে নিজেই চুমুক দিয়ে পানি খাওয়া শিখতে পারে, কোনো পানি গায়ের ওপর উপচে পড়ে না।
বাচ্চার মুখে খাবার দিলে সে হাত দিয়ে তা সারা শরীরে মাখবে এটাই স্বাভাবিক। কাপড়ের বিব দিলে তা ভিজে বাচ্চার বুকে ঠাণ্ডা লেগে যায়। সিলিকনের Waterproof Baby Bibs গুলো সব পড়ে যাওয়া খাবার নিচের পকেটে আটকে রাখে। খাওয়ার পর শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার।
কারেন্ট নেই বা ঘরের বাইরে আছেন? এই Manual Food Masher দিয়ে বিদ্যুৎ বা ব্লেন্ডার ছাড়াই যেকোনো সেদ্ধ সবজি বা ফল ঝটপট ম্যাশ করে নেওয়া যায়। এটি খাবারকে একদম পানি না বানিয়ে বাচ্চার গিলার উপযোগী হালকা দানাদার রাখে।
BD SNAP স্পেশাল অ্যানাউন্সমেন্ট: আপনার সোনামণির সুরক্ষায় শতভাগ ফুড গ্রেড ও বিপিএ ফ্রি এই প্রিমিয়াম ফিডিং প্রোডাক্টগুলো খুব শীঘ্রই প্রি অর্ডারে পাবেন BdSnap Shop এ।
প্রথম প্রথম না বুঝেই মায়েরা কিছু ভুল করে বসেন, যা বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নিচে এমন ৫টি প্রচলিত ভুল তুলে ধরা হলো:
বাটি ভরে খাবার নিয়ে বাচ্চার পেছনে ঘোরা এবং জোর করে মুখে গুঁজে দেওয়া সবচেয়ে বড় ভুল। এতে বাচ্চার মনের ভেতর খাবারের প্রতি তীব্র ভয় ও অনীহা তৈরি হয়। সে খাওয়ার নাম শুনলেই কাঁদতে শুরু করে।
অনেকে বাচ্চার খাবার একদম পানি বা তরল করার জন্য ব্লেন্ডার ব্যবহার করেন। অতিরিক্ত ব্লেন্ড করা খাবার খেলে বাচ্চার চিবানোর এবং গিলার ক্ষমতা তৈরি হয় না। পরবর্তীতে তারা একটু দানাদার খাবার দিলেই বমি করে দেয়।
বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের মতো নয়। খাবার তৈরির আগে মায়ের হাত এবং বাচ্চার বাটি চামচ ভালো করে ফুটিয়ে জীবাণুমুক্ত না করলে বাচ্চার ডায়রিয়া, বমি বা পেটের ইনফেকশন হতে পারে।
বাচ্চার লিভার এখনো পুরোপুরি তৈরি নয়। প্রথম সপ্তাহেই সুজি, খিচুড়ি, ফল একসাথে শুরু করলে বাচ্চার লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে পেট ফাঁপা বা বদহজমের সমস্যা দেখা দেয়।
বাচ্চা একবেলা একটু কম খেলেই মায়েরা ভাবেন এই খাবার বাবু পছন্দ করছে না। তড়িঘড়ি করে অন্য খাবার রান্না করেন। এই অভ্যাস বাচ্চার হজম প্রক্রিয়াক ব্যাহত করে।
প্রশ্ন ১: ৬ মাসের বাচ্চাকে দিনে কতটুকু পানি খাওয়ানো উচিত?
উত্তর: এই বয়সে বাচ্চার মূল পানির চাহিদা বুকের দুধ থেকেই পূরণ হয়। শক্ত খাবার শুরু করার পর হজমের সুবিধার্থে প্রতিবার খাবারের পর ২ থেকে ৩ চামচ বা বড়জোর ৩০-৬০ মিলি ফুটিয়ে ঠাণ্ডা করা পানি খাওয়াতে পারেন।
প্রশ্ন ২: বাচ্চার খাবারে কি গরুর দুধ বা মধু ব্যবহার করা যাবে?
উত্তর: একদমই না! ১ বছর বয়স হওয়ার আগে বাচ্চার জন্য এই দুটি খাবার কড়াভাবে নিষিদ্ধ। গরুর দুধ বাচ্চার পেটে গ্যাস ও রক্তাল্পতা তৈরি করে। আর মধুতে থাকা ব্যাকটিরিয়া থেকে বাচ্চার ইনফ্যান্ট বোটুলিজম নামক মারাত্মক রোগ হতে পারে।
প্রশ্ন ৩: বাচ্চা যদি খাবার মুখে নিয়ে ফেলে দেয় তবে কী করব?
উত্তর: এটি একদম স্বাভাবিক। বাচ্চা এতদিন শুধু তরল দুধ গিলেছে, এখন সে জিহ্বা দিয়ে খাবার নাড়াতে শিখছে। মুখ থেকে ফেলে দিলে জোর করবেন না। সেই বেলার মতো খাওয়ানো বন্ধ রাখুন। কিছুক্ষণ পর বা পরের দিন আবার আলতো করে চেষ্টা করুন।
প্রশ্ন ৪: ফর্মুলা দুধ দিয়ে কি সুজি বা জাউ রান্না করা যাবে?
উত্তর: ফর্মুলা দুধ কখনো চুলার আগুনে ফুটিয়ে রান্না করা যাবে না। এতে দুধের সব পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। চালের সুজি বা জাউ পানি দিয়ে ভালো করে রান্না করে নামিয়ে নিন। খাবারটি কুসুম গরম অবস্থায় এলে তখন পরিমাণমতো ফর্মুলা পাউডার বা তৈরি করা ফর্মুলা দুধ মিশিয়ে খাইয়ে দিন।
নতুন মা হিসেবে আপনার এই পথচলা মোটেও সহজ নয়। সারাদিনের ক্লান্তি, রাতের ঘুমহীনতা আর বাচ্চার যত্ন, সব মিলিয়ে আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য সেরাটাই করছেন।
তাই কোনো দ্বিধা বা অপরাধবোধে ভুগবেন না। বাচ্চার খাবার খাওয়াটাকে একটা আনন্দের চমৎকার অভিজ্ঞতা বানিয়ে তুলুন। ধৈর্য ধরুন, আপনার ভালোবাসাই বাচ্চার সুস্থ বেড়ে ওঠার সবচেয়ে বড় শক্তি।
আমাদের এই বিশেষ গাইডটি আপনার কেমন লাগলো? আপনার বাচ্চার প্রথম শক্ত খাবার হিসেবে আপনি কী দিতে যাচ্ছেন, তা নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন! আপনার কোনো প্রশ্ন থাকলে তাও জানাতে পারেন, আমরা উত্তর দিতে প্রস্তুত।

শাখাওয়াত আহমেদ বাংলাদেশের জনপ্রিয় বেবি কেয়ার ই কমার্স প্ল্যাটফর্ম BD SNAP এর প্রতিষ্ঠাতা। তিনি বিগত ৩ বছর ধরে শিশুর নিরাপদ যত্ন এবং পুষ্টি নিয়ে কাজ করছেন। মা বাবাদের কাছে শতভাগ নিরাপদ ও খাঁটি বেবি প্রোডাক্ট পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।
